২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ফেব্রুয়ারি থেকে ফুটবল দলের প্রস্তুতি

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।বুধবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আপাতত শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়দের ছাড়াই ২৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি এই দুই দলের প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হওয়ার পর বাকিরা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে।”তাই প্রস্তুতির জন্য পুরো দল মাত্র এক দিনের জন্য পাবেন ডি ক্রুইফ। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২ মার্চ। ৫ মার্চ গোয়ায় হবে ম্যাচটি।এই প্রীতি ম্যাচের বাংলাদেশ দলে ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার থাকার সম্ভাবনা কম। বাফুফের একটি ‍সূত্র সে কথাই জানিয়েছে।জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হোসেনকেও থাকতে হচ্ছে অনিশ্চয়তার মধ্যে। সাফ ফুটবলে ব্যর্থতার পর তদন্ত কমিটি জাহিদকে জাতীয় দলে না নেয়ার সুপারিশ করেছিল।এবারের জাতীয় দলে বেশ কয়েক জন নবাগতকে দেখা যেতে পারে। আইএফএ শিল্ডে দারুণ খেলা শেখ জামালের ডিফেন্ডার দিদারুল আলম, মোহামেডানের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবাহনীর মিডফিল্ডার বাদশা মিয়া এবং ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড রুবেল মিয়ার প্রথমবারের মতো বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা।

প্রস্তুতি ছাড়াই ভারত যাচ্ছে ফুটবল দল