ইংল্যান্ডের সাবেক ফুটবলার ফিনির জীবনাবসান
ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার স্যার টম ফিনি আর নেই। শুক্রবার ৯১ বছর বয়সে মারা গেছেন তিনি।
১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপে খেলা ফিনি ইংল্যান্ডের প্রেস্টন নর্থ এন্ড ক্লাবের হয়ে ৪৭৩ ম্যাচে ২১০ গোল করেছিলেন। বর্তমানে তৃতীয় বিভাগে খেলা দলটির তিনিই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
সেন্ট্রাল মিডফিল্ড, রাইট উইং ও লেফট উইং তিন পজিশনেই খেলতে অভ্যস্ত ফিনির দুর্দান্ত নৈপুণ্যে ১৯৫৩ ও ১৯৫৮ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে রানার্স-আপ হয়েছিল প্রেস্টন। ১৯৫১ সালে দলকে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন করে প্রথম বিভাগে ওঠানোর কৃতিত্বও তার।
১৯৬০ সালে অবসর নেয়া ফিনি জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচে ৩০ গোল করেন। ১৯৫৩-৫৪ ও ১৯৫৬-৫৭ মৌসুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী ফিনির বিদায়ের পর তার দল প্রেস্টনও জৌলুস হারাতে থাকে।
পরের বছরই প্রথম বিভাগ থেকে অবনমন হয় দলটির। এরপর আর ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে ফিরতে পারেনি তারা।
ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি গোল করা স্যার ববি চার্লটন একবার ফিনি সম্পর্কে বলেছিলেন, “স্যার টম ফিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার খেলা দেখতে অনেক দূর থেকেও লোকে মাঠে আসতো।
“তিনি মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। ফুটবলে তার বিশাল অবদান, বিশেষ করে প্রেস্টনের জন্যে। এই দলের প্রত্যেকে তাকে ভীষণ ভালবাসে।”
