জিততেই হবে শেখ জামালকে
শনিবার ভারতের আইএফএ শিল্ডে গ্রুপের শেষ ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সেমি-ফাইনালে উঠতে হলে জিততেই হবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গণে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচ থেকে মোহনবাগানের সংগ্রহ ৪ পয়েন্ট। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শেষ চারে উত্তরণ নিশ্চিত করেছে কলকাতা মোহামেডান।শেখ জামালের সভাপতি মনজুর কাদের এই ম্যাচ জিততে পারলে দলকে ১০ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে আছে। দলে কোনো চোট সমস্যা নেই। আশা করি আমরাই জিতবো। সভাপতি পুরস্কার ঘোষণা করায় খেলোয়াড়রা আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত।”
প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ২-১ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শেখ জামাল।
সিকিম তিন ম্যাচেই হেরেছে।
