২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে সেমির আশা টিকে রইলো শেখ জামালের

ভারতের আইএফএ শিল্ডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা ৩-১ গোলে হারিয়েছে সিকিম ইউনাইটেডকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:46 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

শেখ জামালের জয়ের নায়ক হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যাসলেমে। জোড়া গোল করেছেন তিনি। অপর গোলটি নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের।

ম্যাচের পাঁচ মিনিটে ওয়েডসনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। বক্সের মধ্যে এমেকার বাড়ানো বলে আলতো শটে লক্ষ্যভেদ করেন ওয়েডসন।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমেকা নিজেই। হাইতির স্ট্রাইকার সনি নর্দের পাস থেকে গোলটি করেন তিনি। ৭০ মিনিটে সিকিমের স্ট্রাইকার আদেলেজা ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও তা হয়নি।

১২ মিনিট বাদে ওয়েডসনের দ্বিতীয় গোলে সহজ জয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে শেখ জামাল। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।

অন্যদিকে, তিন ম্যাচ থেকে কোন পয়েন্ট না পাওয়ায় টুর্নামেন্ট থেকে সিকিমের বিদায় নিশ্চিত।

গ্রুপের অন্য দুটি দলের মধ্যে কোলকাতা মোহামেডান তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছে। আর মোহনবাগান ২ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

তাই শেখ জামালকে সেমিতে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে জিততেই হবে। ৮ ফেব্রুয়ারি হবে ম্যাচটি।