একই দিনে সাবেক ২ ফুটবলারের মৃত্যু
জাতীয় দলের সাবেক ফুটবলার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদুল হাসান ও ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার সালাউদ্দিন কালা আর নেই।
বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মৃত্যুর খবর জানিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মারা গেছেন মাহমুদুল হাসান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ঐদিনই রাত সাড়ে ১২ টায় মারা যান ৫৮ বছর বয়সী সালাউদ্দিন কালা।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার হাসান ষাটের দশকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।
আর সালাউদ্দিন সত্তুর ও আশির দশকে রহমতগঞ্জ এমএফএস, ঢাকা আবাহনী লিমিটেড, সাধারণ বীমার হয়ে খেলেছিলেন। তিনি রহমতগঞ্জ ক্লাবের কর্মকর্তা ছিলেন।
সাবেক এই দুই ফুটবলারের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
