শেখ জামালের সামনে সিকিম ইউনাইটেড
বুধবার ভারতের আইএফএ শিল্ডে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ সিকিম ইউনাইটেড। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়।ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই ক্লাবের অনুরোধে একদিন পিছিয়ে দিয়েছে টুর্নামেন্ট কমিটি।গত রোববার নিজেদের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-১ গোলে হেরে যাওয়া শেখ জামাল চোট সমস্যায় জর্জরিত। দলের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “প্রথম ম্যাচের পর থেকে তিনজন চোট আক্রান্ত। বুধবার তারা খেলতে পারবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
‘বি’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আপাতত এগিয়ে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ও কলকাতা মোহামেডান। কলকাতার দুই ঐতিহ্যবাহী দলেরই সংগ্রহ তিন পয়েন্ট করে।
সিকিম ইউনাইটেড প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু তারা নিবন্ধন না করিয়ে একজন খেলোয়াড়কে মাঠে নামানোয় কলকাতা মোহামেডানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
