২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পৃষ্ঠপোষক পেল বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সপ্তম রাউন্ড চলার সময় নিটল টাটাকে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 08:27 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে নিটল-নিলয় গ্রুপের সঙ্গে বাফুফের চুক্তি হয়।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ এবং বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী শুধু প্রিমিয়ার লিগেরই পৃষ্ঠপোষক হচ্ছে নিটল-নিলয় গ্রুপ। অবশ্য এর জন্য কতো টাকা তারা দেবে, তা প্রকাশ করেনি কোনো পক্ষই।

এ ব্যাপারে সালাম মুর্শেদী বলেন, “বিশেষ কারণে আমরা তা প্রকাশ করছি না, তবে তাদের কাছ থেকে ভালো অঙ্কের টাকা পাচ্ছি আমরা, যা আমাদের লিগ পরিচালনায় ব্যয় হবে।”

আব্দুল মাতলুব আহমেদ বলেন, “ফুটবলের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, যে কারণে আমরা লিগের সঙ্গে যুক্ত হয়েছি। ফুটবলের পাশে দাঁড়াতে পেরে ভালোই লাগছে আমাদের। এর মাধ্যমে যদি ফুটবল যদি কিছুটা এগুতে পারে তা আমাদের আরও ভালো লাগবে।”

নিটল-নিলয় গ্রুপ চ্যাম্পিয়ন দলকে একটি টাটা এইস পিকআপ ভ্যান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে একটি করে মোটরসাইকেল দেবে।

এছাড়া লিগের শেষ ম্যাচে দর্শকদের জন্য ১টি মোটরসাইকেল এবং শেষ ১২টি ম্যাচে ১২টি টেলিভিশন দর্শকদের লটারির মাধ্যমে পুরস্কার হিসেবে দেবে পৃষ্ঠপোষকরা।