২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতালান্তার মাঠে বিধ্বস্ত নাপোলি

ইতালিয়ান সেরি আয় নাপোলির দুর্দশা চলছেই। এক সময় শিরোপা লড়াইয়ে থাকা ডিয়েগো ম্যারাডোনার সাবেক দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 12:00 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

টানা দুই ম্যাচ ড্রয়ের পর রোববার আতালান্তার মাঠে ৩-০ গোলে হেরে গেছে।জিততে পারেনি এসি মিলানও। ঘরের মাঠে তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালির অন্যতম সফল দলটি।নাপোলির বিপক্ষে দুই গোল করে আতালান্তার জয়ের নায়ক হেরমান দেনিস। ৪৭ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ৭০ মিনিটে স্বাগতিক দলের তৃতীয় গোলটি আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো মোরালেসের।

সান সিরোতে ১৭ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইম্মোবিলের গোলে পিছিয়ে পড়া মিলানকে ৪৯ মিনিটে গোল করে একটি পয়েন্ট এনে দেন ফরাসী ডিফেন্ডার আদিল রামি।

শিরোপা-দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়লেও ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট তৃতীয় স্থান ধরে রেখেছে নাপোলি। তবে গত ‍দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস (৫৬ পয়েন্ট) ও রোমা (৫০) তাদের চেয়ে অনেক এগিয়ে আছে। দুই দলই আবার একটি ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা মিলানের শিরোপা জয়ের আশা শেষই বলা যায়।

রোববার রোমারও খেলা ছিল। তবে পার্মার বিপক্ষে তাদের ঘরের মাঠের ম্যাচটি মাত্র আট মিনিট চলার পর প্রবল বৃষ্টির কারণে আর হতে পারেনি।

সেরি আর অন্যান্য ম্যাচে লাৎসিও ২-০ গোলে কিয়েভোকে ও হেল্লাস ভেরোনা ২-১ গোলে সাস্সুয়োলোকে হারিয়েছে এবং কাতানিয়া ও লিভোরনো ৩-৩ গোলে ড্র করেছে।