২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পয়েন্ট খোয়ালো এসি মিলান

ইতালির সেরি আয় কোচ ক্লেরেন্স সিডর্ফের অধীনে প্রথম পয়েন্ট হারিয়েছে এসি মিলান। শনিবার ঘরের মাঠে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 03:11 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সিডর্ফের কোচিংয়ে টানা দুটি ম্যাচ জিতে সমর্থকদের মনে মিলান আশা জাগিয়েছিল, এবার বুঝি লিগে ঘুরে দাঁড়াতে পারবে তারা। তবে আবারো সেই হতাশাজনক পারফরম্যান্স।

সান সিরোয় ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মিলান। তবে উল্টো এগিয়ে যায় তুরিনো। বলতে গেলে, একার প্রচেষ্টায় ১৭ মিনিটে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার চিরো ইম্মোবিলে।

তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ১৮ বারের চ্যাম্পিয়ন মিলানকে ম্যাচে ফেরান ফরাসি ডিফেন্ডার আদিল রামি।

শেষ দিকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাকার দারুণ একটি শট অসাধারণ দক্ষতায় তুরিনোর গোলরক্ষক ঠেকিয়ে না দিলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো মিলান।

২২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মিলান। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তুরিনোর অবস্থান ষষ্ঠ।

আর এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

সেরি আয় দিনের অন্যান্য ম্যাচে ক্যালিয়ারি ১-০ গোলে ফিওরেন্তিনাকে ও উদিনেজে ২-০ গোলে বোলোনিয়াকে হারিয়েছে।