সংবর্ধনা পেলেন ক্রীড়া উপমন্ত্রী
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা দিয়েছে পাইওনিয়ার ফুটবল লিগ কমিটি।
সংবর্ধনা অনুষ্ঠানে পাইওনিয়ার লিগ কমিটির সভাপতি জয় বলেন, “আমি মাঠের মানুষ। ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্বটা আমার জন্য গর্বের। ফুটবলের উন্নয়নে কাজ করতে পারলে ভালো লাগবে আমার। এটা আমার একটা দায়িত্বও বটে।”“এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় আমরা পল্টন মাঠে পাইওনিয়ার লিগের আয়োজন করতে পারিনি। এবার আমি তা হতে দেবো না। পল্টন মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করবো।”অনুষ্ঠানে জয়ের হাতে ফুলের তোড়া তুলে দেন পাইওনিয়ার লিগ কমিটির সম্পাদক ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
