কক্সবাজারে জাতীয় ঘুড়ি উৎসব শুরু
‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার, আনন্দ উৎসব সবার’ -- এই স্লোগান নিয়ে শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় ঘুড়ি উৎসব।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টে দুই দিনের এই প্রতিযোগিতা হচ্ছে। দুপুরে মহাঘুড়ি উড্ডয়ন ও ২০টি গোলাপ ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়।প্রথম দিন বিশাল পকেট কাইট, স্টান্ট কাইট, ড্রাগন কাইট, সিরিজ কাইট, ট্রেন কাইটসহ অজস্র আকর্ষণীয় দেশি-বিদেশি ঘুড়ি ওড়ানো হয়। পাশাপাশি ছিল লায়ন্স ড্যান্স, জর্বিং বলসহ নানা আকর্ষণ।সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানোর পর দাহ করা হয় প্রকৃতির বৈরী দানবের কুশপুত্তলিকা। সব শেষে ওড়ানো হয় আলোক ঘুড্ডি।
