ইতালিয়ান কাপের সেমিতে নাপোলি
ইতালিয়ান কাপ থেকে ছিটকে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন লাৎসিও। বুধবার রাতে তাদেরকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে নাপোলি।
ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় নাপোলির জয়ের নায়ক আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।
আক্রমণভাগের টানা ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না দুই দলই। অবশেষে ৮২ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড হোসে মারিয়া ক্যালেহনের পাস থেকে ফ্লিক করে একমাত্র গোলটি করেন হিগুয়াইন।
কোপ্পা ইতালিয়ার শেষ চারে রোমার বিপক্ষে খেলবে নাপোলি। জুভেন্টাসকে একই ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে তারা।
অপর সেমি-ফাইনালে উদিনেজে খেলবে ফিওরেন্তিনার সঙ্গে।
