২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি

টটেনহ্যামকে তাদেরই মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 11:25 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

২৩ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৫৩। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।

ম্যান সিটি জিতলেও বুধবার রাতে পয়েন্ট হারিয়েছে চেলসি। ওয়েস্ট হ্যামের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

প্রতিপক্ষের মাঠ হোয়াইট হার্ট লেনে ১৫ মিনিটেই আর্জেন্টিনার স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যান সিটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর দুই মিনিটের মধ্যে মিডফিল্ডার ইয়াইয়া তোরে ও স্ট্রাইকার এদিন জেকোর গোলে ৩-০ গোলে এগিয়ে যায় তারা।

৫৯ মিনিটে মিডফিল্ডার এচিয়েন ক্যাপুর গোলে স্বাগতিকরা ব্যবধান কমালেও ম্যান সিটির জয়ের পথে তারা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

উল্টো ৭৮ মিনিটে স্ট্রাইকার স্টেভান ইয়োভেতিচ ও ৮৯ মিনিটে ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের দলটি।

ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৪-৩ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ও সান্ডারল্যান্ড ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।