২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপের সেমিতে রিয়াল মাদ্রিদ

প্রথম লেগের মতো ফিরতি লেগেও এসপানিওলকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ কাপ কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 11:37 AM

Updated : 22 Aug 2022, 05:36 PM

মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রিয়ালের জয়সূচক গোলটি করেছেন জেসে রদ্রিগেস। দুই লেগ মিলে রিয়ালের জয়ের ব্যবধান ২-০।

ম্যাচের সপ্তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে মিডফিল্ডার চাভি আলোনসোর পাস থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার জেসে।

তবে এ ম্যাচে রিয়ালের জয়ের ব্যবধানটা হতে পারতো অনেক বড়। প্রায় পুরোটা সময় জুড়ে বল দখলে রাখা রিয়ালের আক্রমণ ভাগ সুযোগ পেয়েছে অনেক। সুযোগগুলো কাজে লাগাতে পারলে এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো পেতে পারতেন হ্যাটট্রিকও।

রোনালদোর ব্যাক্তিগত অর্জন শূন্য হলেও দলগত অর্জনে রিয়াল পেয়েছে একটি রেকর্ডের দেখা। গত আট ম্যাচ ধরে গোল খায়নি তারা।

রিয়ালের জার্সিতে অধিনায়ক ও স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও গড়েছেন একটা রেকর্ড; ৬৮২ মিনিট ধরে কোনো গোল হজম করেননি তিনি। পূর্বের রেকর্ডটা ছিল ক্যাসিয়াসেরই স্বদেশী পাকো বুয়োর; ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে রিয়ালের গোলপোস্ট সামলেছিলেন তিনি।

কিংস কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের শেষ চারে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ তাদের নগর প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো। সুতরাং বুধবারের ফিরতি লেগে জিতলে বা ড্র করলেই শেষ চারে উঠবে লা লিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

গত মৌসুমে নিজেদের মাঠে এই আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেই শিরোপা হারিয়েছিল রিয়াল। তাই প্রতিশোধ নেয়ার সুযোগটা এবার সেমি-ফাইনালেই পেয়ে যাচ্ছে তারা।