চেলসিতে মিশরীয় মিডফিল্ডার সালাহ
চ্যাম্পিয়ন্স লিগে সুইজারল্যান্ডের বাসেলের কাছে এ মৌসুমেই দুইবার হারার পর দলটির মিডফিল্ডার মোহামেদ সালাহকেই কিনে নিল চেলসি।
মিশরীয় এই মিডফিল্ডারে সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
হুয়ান মাতার দল ছাড়ার পর পরই মিশরের সালাহকে আনলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন স্পেনের মাতা।
‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিতে ১৫ নম্বর জার্সি পড়ে খেলবেন সালাহ।
চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই লেগেই বাসেলের কাছে হেরেছিল চেলসি আর দু'টি ম্যাচেই কার্যকর ভূমিকা ছিল সালাহর।
