অস্ট্রেলিয়ান ওপেনে ভাভরিঙ্কা চ্যাম্পিয়ন
মহিলাদের মতো পুরুষ এককেও নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিলো অস্ট্রেলিয়ান ওপেন। রোববার ফাইনালে রাফায়েল নাদালকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা।
চ্যাম্পিয়ন হতে পারলে টেনিস-ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের পিট স্যাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব স্পর্শ করতে পারতেন নাদাল। কিন্তু ‘ফেভারিট’ হলেও ফাইনালে তেমন লড়াই করতে পারেননি স্প্যানিশ তারকা।নাদালের সঙ্গে আগের ১২টি লড়াইয়ের সবগুলোতে হেরেছিলেন ভাভরিঙ্কা। অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জিতেই আগের সব হারের জ্বালা মেটালেন রজার ফেদেরারের স্বদেশের মানুষ।বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনাল ছিল ভাভরিঙ্কার জীবনেরও প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। কিন্তু এমন ম্যাচেও বিন্দুমাত্র স্নায়ুর চাপে ভুগতে দেখা যায়নি তাকে।মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় নাদাল তৃতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও দুই ঘণ্টা ২১ মিনিটে লড়াই শেষ করে শিরোপার আনন্দে ভেসে যান ভাভরিঙ্কা।শিরোপা জয়ের পথে ভাভরিঙ্কার দাপটের শুরু ম্যাচের প্রথম থেকেই। ম্যাচের চতুর্থ গেমে নাদালের সার্ভ ‘ব্রেক’ করেন তিনি। সেটটাও জিতে নেন মাত্র ৩৭ মিনিটে।৩৮ মিনিট দীর্ঘ দ্বিতীয় সেটেও লড়াই করতে পারেননি নাদাল। তৃতীয় ও পঞ্চম গেমে নাদালের সার্ভ ‘ব্রেক’ করে ২-০ ব্যবধানে এগিয়ে যান ভাভরিঙ্কা।প্রথম দুই সেট চলার সময় নাদালের চোখে-মুখে বার-বার অস্বস্তি ফুটে উঠছিল। পিঠে প্রচণ্ড ব্যথার কারণে দ্বিতীয় সেটের পর ‘মেডিকেল টাইম আউট’ নিতেও বাধ্য হন তিনি। ফিরে এসে অবশ্য ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।তৃতীয় সেটের দ্বিতীয় গেমে ম্যাচে প্রথমবারের মতো ভাভরিঙ্কার সার্ভ ‘ব্রেক’ করেন নাদাল। ৩৩ মিনিটে সেটটা জিতে ব্যবধানও কমিয়ে নিয়ে আসেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি ‘রাফা’র।চতুর্থ সেটে নাদালের সার্ভ দুবার ‘ব্রেক’ করে, শিরোপা জিতে উল্লাসে মেতে ওঠেন অস্ট্রেলিয়ান ওপেনের ‘নতুন রাজা’।জোরালো সার্ভ তার অন্যতম অস্ত্র হলেও ফাইনালে চোট সার্ভ করার সময় ভালোই ভুগিয়েছে নাদালকে। পুরো ম্যাচে তার একটি ‘এইস’-এর বিপরীতে ভাভরিঙ্কার ‘এইস’ ১৯টি। নাদাল ‘ডাবল ফল্ট’ও করেছেন বেশি। তার তিনটির বিপরীতে ভাভরিঙ্কা করেছেন দুইবার।তবে ‘আনফোর্সড এররস’ বেশি করেছেন ভাভরিঙ্কা; নাদালের ৩২টির বিপরীতে ভাভরিঙ্কা করেন ৪৯বার।খেলা শেষে শিরোপা জয়ের স্মারক ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বসিত ভাভরিঙ্কা বলেন, “আমি বুঝতে পারছি না স্বপ্ন দেখছি কিনা। মনে হয় কাল সকালে বুঝতে পারবো।”তারপর নাদালের উদ্দেশে বলেন, “রাফা, তোমার জন্যে সত্যিই আমার খারাপ লাগছে। আশা করি তোমার পিঠের অবস্থা ভালো আছে। তুমি খুব ভালো বন্ধু আর একজন অসাধারণ চ্যাম্পিয়ন।"ভাভরিঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে নাদাল বলেন, “স্ট্যানকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। আজ সত্যি এটা (শিরোপা) তোমার প্রাপ্য। তোমাকে অনেক-অনেক অভিনন্দন।”দর্শকদের লক্ষ্য করে তিনি বলেন, “আবেগময় দুটি সপ্তাহ শেষ হলো। শেষটা এভাবে হওয়ায় আমি দুঃখিত। শিরোপা জেতার জন্য আমি অনেক চেষ্টা করেছি।"“গত বছর এখানে খেলতে না পারায় ভীষণ খারাপ লেগেছিল। আমাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আবার আগামী বছর দেখা হবে।”হাঁটুর চোটের কারণে ২০১২ সালের মাঝামাঝি থেকে প্রায় সাত মাস কোর্টের বাইরে থাকতে হয়েছিল নাদালকে।
