২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন জয় লি নার

অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন লি না। মেলবোর্ন পার্কের প্রথম আর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিততে শনিবার দোমিনিকা সিবুলকোভাকে হারিয়েছেন এই চীনা তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে লি না অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে লি না

বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম জিততে ৭-৬(৭/৩), ৬-০ গেমে স্লোভাকিয়ার সিবুলকোভাকে উড়িয়ে দিয়েছেন লি না।টেনিসের উন্মুক্ত যুগে বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি ৩২ বছর পূর্ণ করবেন লি না।আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের দখলে। ১৯৭৩ সালে ৩০ বছর বয়সে স্বদেশের গ্র্যান্ড স্লামের শিরোপা জিতেছিলেন তিনি।এর আগে দু’বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে এশিয়ার প্রথম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের গৌরব অর্জন করা লি না। কিন্তু ২০১১ ও ২০১৩ সালের ঐ দুই ফাইনালে প্রথম সেট জিতেও হারের হতাশা নিয়ে কোর্ট ছাড়তে হয়েছিল তাকে।তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য মুঠোবন্দি করতে এবার লি নার সামনে ছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ, ২০তম বাছাই স্লোভাকিয়ার সিবুলকোভা।ম্যাচের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ‘ব্রেক’ করে সে সম্ভাবনা আরো উজ্জ্বল করে তোলেন লি না। কিন্তু ২৪ বছর বয়সী সিবুলকোভাও সহজে হার মানেননি। প্রথম সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি।ষষ্ঠ গেমে লি নার সার্ভিস ‘ব্রেক’ করে ৩-৩ সমতা নিয়ে আসেন সিবুলকোভা। এরপর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। তবে টাইব্রেকারে জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি লি না।প্রথম সেট ৭০ মিনিট ধরে চললেও দ্বিতীয় সেট শেষ হয়ে গেছে মাত্র ২৭ মিনিটে।আড়াই বছর পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে উচ্ছ্বসিত লি না সবার আগে ধন্যবাদ জানান কোচ কার্লোস রদ্রিগেসকে। মজা করে বলেন, “আমাকে ধনী বানানোর জন্য আপনাকে ধন্যবাদ।”এরপর তার স্বামী ও সাবেক কোচ শ্যান জিয়াংয়ের উদ্দেশে বলেন, “আমার র‌্যাকেট ঠিক করা, আমি কী পান করবো তা ঠিক করা এবং আমার সঙ্গে ভ্রমণ করার জন্যে তাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো মানুষ।”হাসিমুখে আরো বলেন, “আমাকে খুঁজে পাওয়ায় তুমি ভাগ্যবানও।”ফাইনালে হেরে গেলেও হতাশায় ভেঙ্গে পড়েননি সিবুলকোভা। বরং নিজের অর্জন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, “এই দু’টি সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে চমৎকার সময়। এই অর্জন আমার দেশের জন্য অনেক বড় ব্যাপার। স্লোভাকিয়ার একজন মানুষ হিসেবে এখানে থাকতে পেরে আমি খুশি।”