জয় দিয়ে বছর শুরু করলো বায়ার্ন
শীতের দীর্ঘ বিরতি থেকে ফিরে এসে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চোটের কারণে দলে ছিলেন না ফ্রাঙ্ক রিবেরি ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, ছিলেন না কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। তবে মারিও গোটসে ও টমাস মুলারের গোলে লিগে টানা ৪২টি ম্যাচ অপরাজিত থাকতে কোনো সমস্যা হয়নি পেপ গার্দিওলার দলের।
প্রথমার্ধের শুরুর দিকে মুলারের পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন গোটসে। দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন মুলার।
দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেনের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে ১৭ মাচে ৪৭ পয়েন্ট পাওয়া বায়ার্ন। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট মনশেনগ্লাডবাখের।
