২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেশিয়া কাপে সুযোগ পেয়ে গর্বিত সিদ্দিকুর

এশিয়া আর ইউরোপের সেরা গলফারদের লড়াইয়ে অংশ নিতে পারাটা নিজের পাশাপাশি দেশের জন্যও একটি বড় অর্জন বলে মনে করছেন বাংলাদেশের সেরা গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 02:07 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর

পেশাদার ক্যারিয়ারের তুঙ্গে সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের ২০১৩ মৌসুমের শীর্ষ চার এশীয় খেলোয়াড়ের মধ্যে থেকে সরাসরি এশিয়ার দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের সেরা এই গলফার। মালয়শিয়ায় ২৭ থেকে ২৯ মার্চ প্রথমবারের মতো বসবে এই টুর্নামেন্ট।

ইউরোপের খ্যাতনামা গলফারদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন সিদ্দিকুর।

এশিয়ান ট্যুরের ওয়েবসাইটকে ২৯ বছর বয়সী এই গলফার বলেন, "আমি এশিয়া দলের সদস্য হতে পেরে খুবই খুশি। এটা আমার ও আমার দেশের জন্য বড় একটা অর্জন।"

এশিয়া দলের অধিনায়ক হিসেবে আগেই নির্বাচিত হযেছিলেন থাইল্যান্ডের থংচাই জাইদি। দলে সিদ্দিকুর ছাড়াও তিনি পেয়েছেন অর্ডার অব মেরিটের শীর্ষে থাকা থাইলান্ডের কিরাদেখ আফিবার্নরাত, তৃতীয় ভারতের অনির্বান লাহিড়ী এবং পঞ্চম ভারতের গগনজিৎ ভুলারকে।

সিদ্দিকুরের অর্ডার অব মেরিটে আবার শীর্ষ দশে থাকাটা দারুণ কৃতিত্ব হিসেবে দেখছেন জাইদি।

এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ টুর্নামেন্ট কিংস কাপ গলফ শেষে ২০১৩ সালের

অর্ডার অব মেরিটে চতুর্থ হয়েছেন সিদ্দিকুর

। এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবারই অর্ডার অব মেরিটের শীর্ষ দশে থেকে মৌসুম শেষ করলেন সিদ্দিকুর। এর আগে ২০১০ সালে সপ্তম ও ২০১১ সালে অষ্টম অবস্থানে ছিলেন তিনি।

এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে এশিয়ার প্রথম চার গলফার ইউরেশিয়া কাপে সরাসরি সুযোগ পেয়েছে। সে হিসেবে এশিয়ার খেলোয়াড়দের মধ্যে অর্ডার অব মেরিটে সিদ্দিকুরের অবস্থান তৃতীয়।

অর্ডার অব মেরিটে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান ছাড়াও গত মৌসুমে গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জেতেন সিদ্দিকুর। এটি এশিয়ান ট্যুরে তার দ্বিতীয় শিরোপা। এরপর প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার গলফের বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এ গলফার।

সিদ্দিকুর মনে করেন, এশিয়ার এই দলটি বেশ শক্তিশালী। সবাই ভালো করলে সাফল্য পাওয়াটা খুবই সম্ভব।

প্রতিপক্ষ ইউরোপের অধিনায়ক মিগুয়েল আনহেল হিমিনেস এরমধ্যেই তার দলের চার সদস্যকে পেয়ে গেছেন।

এশিয়া ও ইউরোপের দুই দলে খেলবেন ১০ জন করে গলফার। বিশ্ব র‌্যাঙ্কিং ও অধিনাকদের নিজেদের পছন্দের ভিত্তিতে দুই দলের আরো পাঁচজন করে খেলোয়াড় নেয়া হবে। দুই অধিনায়ক তাদের দলের আরো পাঁচ জনের নাম শিগগিরই ঘোষণা করবেন।