২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ৪০০তম ম্যাচে বার্সার জয়

বার্সেলোনার হয়ে চারশ’তম ম্যাচ জয় দিয়েই উদযাপন করলেন লিওনেল মেসি। ক্রিস্তিয়ান তেল্লোর হ্যাটট্রিকে স্প্যানিশ কাপ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 08:43 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের ৩১ মিনিটে এল জাহারের গোলে এগিয়ে গিয়েছিল লেভান্তে। দ্বিতীয়ার্ধের শুরুতে হুয়াফ্রানের আত্মঘাতি গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর একের পর এক আক্রমণ থেকে পরপর তিনটি গোল করেন তেল্লো। তিনটি গোলেরই উৎস বার্সেলোনার হয়ে চারশ’তম ম্যাচ খেলতে নামা মেসি।

২০০৪ সালের অক্টোবরে এসপানিওলের বিপক্ষে অভিষেক হয়েছিল আর্জেন্টিনার এই তারকার।

এই লেভান্তেই কিন্তু লিগে আগের ম্যাচে বার্সেলোনাকে রুখে দিয়েছিল। তবে এবার প্রথম লেগ জিতে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল বার্সেলোনা।

কিংস কাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের শেষ আটের দ্বিতীয় লেগ হবে বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে।সেমি-ফাইনালে উঠলে বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে রিয়াল সোসিয়েদাদ। আগের ম্যাচে তারা প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে রেসিং সানতানদারকে।

মঙ্গলবার করিম বেনজেমার একমাত্র গোলে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এসপানিওলকে হারায় রিয়াল মাদ্রিদ।বৃহস্পতিবার রাতে শেষ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে শিরোপাধানী আতলেতিকো মাদ্রিদ ও আথলেতিক বিলবাও।