গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি চেলসি, ম্যান ইউ
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানাবে চেলসি।
ইপিএলে রেকর্ড ২০ এবং গতবারের চ্যাম্পিয়ন হলেও এবার শিরোপা-লড়াই থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে ম্যান ইউ। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম। এই ২১ ম্যাচের মধ্যে ৬টিতে হার মেনেছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত জনপ্রিয় দলটি।‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো যোগ হয়েছে চোট সমস্যা। ম্যান ইউর কোচ ডেভিড ময়েস জানিয়েছেন, চোটের কারণে রোববার স্ট্যামফোর্ড ব্রিজে নামতে পারবেন না দুই নির্ভরযোগ্য স্ট্রাইকার ওয়েইন রুনি ও রবিন ফন পার্সি।একই কারণে আগে থেকেই দলের বাইরে আছেন দুই ফরোয়ার্ড ন্যানি ও অ্যাশলে ইয়াং এবং মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি।অন্যদিকে চেলসিতে কোনো চোট সমস্যা নেই। বরং চোট কাটিয়ে ফিরতে পারেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।কোচ জোসে মরিনিয়োর অধীনে চেলসির পারফরম্যান্সও ভালোই। ম্যান ইউয়ের সমান ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে মাত্র দুই পয়েন্টের ব্যবধান তাদের।এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মরিনিয়ো। ম্যান ইউকে হারাতে পারলে ইংলিশ প্রিমিয়ার লিগে শততম জয় পাবেন তিনি।মরিনিয়ো নিজে অবশ্য এই অর্জন নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেন, “প্রিমিয়ার লিগে চেলসির হয়ে আমার শততম জয় আসবেই। এটা কি ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম বা অন্য কারো বিপক্ষে হবে? জানি না। শুধু জানি এই সংখ্যাটা আসবেই।”
