২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার আবাহনী-মোহামেডান লড়াই

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

এ মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটা দ্বিতীয় লড়াই। আগের ম্যাচে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে আবাহনী ২-০ গোলে জিতেছিল।

পেশাদার লিগে মুখোমুখি লড়াইয়েও আবাহনী এগিয়ে আছে। দুই দলের আগের ১২টি ম্যাচে আবাহনী চার এবং মোহামেডান দুবার জিতেছে। বাকি ৬ ম্যাচ ড্র।

আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি বলেন, “খেলা না দেখলেও শুনেছি মোহামেডান শক্তিশালী দল। তাদের দলে বেশ কয়েক জন ভালো ফুটবলার আছে। তাদেরকে হারানো সহজ হবে না। তবে তাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার অনুপ্রেরণা নিয়ে ছেলেরা খেলতে পারলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

“শুনেছি মোহামেডান বিদেশি কোচের অধীনে খেলছে। আমার ধারণা তাদের দলে ভালোই পরিবর্তন এসেছে। তবে প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়ে আমি বেশি ভাবছি। কারণ জয়টা আমাদের প্রয়োজন।”

আবাহনীর কোচ আরো বলেন, “এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণভাগ এবং মাঝমাঠের মধ্যে বোঝাপড়া ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলেই জয় পাওয়া সম্ভব। এখনো সিদ্ধান্ত না নিলেও দলকে ৪-৩-৩ বা ৪-৪-২ পদ্ধতির মধ্যে যে কোন একটিতে খেলাতে পারি।”

মোহামেডানে কিছু দিন আগে যোগ দেয়া পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা এই মর্যাদার লড়াই সম্পর্কে এরই মধ্যে জেনেছেন। তিনি বলেন, “শুনেছি মোহামেডান-আবাহনীর ম্যাচ হলো মর্যাদার লড়াই। এই ম্যাচের জন্য আমি আমার দলকে যতটা সম্ভব প্রস্তুত করার চেষ্টা করেছি। ছেলেরা আমার নির্দেশনাগুলো মাঠে ঠিকমতো অনূদিত করতে পারলে আশা করছি আমরাই জিতবো।”

“যেটুকু সময় পেয়েছি তা কাজে লাগিয়ে দলকে মোটামুটি গুছিয়ে তুলেছি। আরেকটু সময় পেলে আরো ভালোভাবে গোছানো যেত। দুই দলের লড়াই ভালো হবে বলেই আমার বিশ্বাস।”

এবারের লিগে এখনো পর্যন্ত দুই দলই অপরাজিত। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে এক জয় এবং দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পঞ্চম।