রেকর্ড গড়ে চতুর্থ রাউন্ডে সেরেনা
টেনিসের উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস।
শুক্রবার তৃতীয় রাউন্ডে স্লোভাকিয়ার দানিয়েলা হান্তুকোভাকে সহজেই ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা।অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার এটা ৬১তম জয়। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সবচেয়ে বেশি জয়ের আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের, ৬০টি।শুক্রবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় আরেকটি কীর্তি গড়েছেন গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সেরেনা। স্বদেশ যুক্তরাষ্ট্রের সাবেক খেলোয়াড় লিন্ডসে ড্যাভেনপোর্টের অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি ৬৯টি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।চতুর্থ রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সাবেক এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার আনা ইভানোভিচ।সেরেনার মতো সহজে জিততে পারেননি মহিলা এককের চতুর্থ বাছাই চীনের লি না। চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে আড়াই ঘণ্টারও বেশি সময় লড়াই করে ১-৬, ৭-৬, ৬-৩ গেমে জিতেছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন।চতুর্থ রাউন্ডে উঠেছেন নবম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারও।টানা চতুর্থ শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা নোভাক জোকোভিচ জিতেছেন সহজেই। পুরুষ এককের দ্বিতীয় বাছাই জোকোভিচ রাশিয়ার দেনিস ইস্তোমিনকে সরাসরি ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের এটা টানা ২৪তম জয়।পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই স্পেনের ডাভিদ ফেরার এবং চেক প্রজাতন্ত্রের তমাস বের্দিখও। তবে হেরে গেছেন নবম বাছাই ফ্রান্সের রিশা গ্যাসকে।
