জয়ের ধারায় শেখ রাসেল
আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে যাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে। ফেনী সকার ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেল আপাতত যৌথভাবে লিগের শীর্ষে আছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ৯ হলেও তারা এক ম্যাচ কম খেলেছে। চারটি ম্যাচ খেলা ফেনীর দলটির মাত্র ১ পয়েন্ট।শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেলেও বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে গত মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী শেখ রাসেলকে।৭৮ মিনিটে স্ট্রাইকার মিঠুন চৌধুরীর ক্রস থেকে মিডফিল্ডার শাকিল আহমেদের হেড এগিয়ে দেয় তাদের (১-০)।শেষ বাঁশির মিনিট খানেক আগে শেখ রাসেলের জয় নিশ্চিত করা গোলটি মরক্কান স্ট্রাইকার ইউনেস রক্সের। এবারও মিঠুনের ক্রস থেকে রক্সের জোরালো শট জড়িয়ে যায় জালে (২-০)।বিজয়ীরা অবশ্য আরো আগেই গোল পেতে পারতো। ২৫ মিনিটে জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্সের বাড়ানো বল থেকে রক্সের জোরালো শট ফেনীর গোলরক্ষক মাসুদ আহমেদ ঊজ্জ্বল ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।৩৯ মিনিটে মিঠুনের পাস থেকে রক্সের শট ক্রস বার ঘেঁষে বাইরে চলে গিয়ে আরেকবার হতাশ করে শেখ রাসেলকে।
