২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুল পরীক্ষায় আপত্তি নেই বোল্টের

খেলোয়াড়দের ‘ড্রাগ টেস্ট’-এর জন্য এতদিন তাদের রক্ত আর মুত্রের নমুনা পরীক্ষা হতো। এবার চুল পরীক্ষার নতুন পদ্ধতি সংযোজন করতে যাচ্ছে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা), যেটিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 03:39 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার আরজেআর স্পোর্টস ফাউন্ডেশন জাতীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পঞ্চমবারের মতো নেয়ার পর নতুন পদ্ধিতি নিয়ে কথা বলেন ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট।

১০০ ও ২০০ মিটার রেকর্ডের অধিকারী বোল্ট বলেন, “বিষয়টা প্রথম আমি শুনলাম। তবে ক্রীড়া জগৎকে যেকোনো ভাবে মাদকমুক্ত করার বিষয়ে আমার কোনো আপত্তি নেই।”

“এটা নতুন একটা নিয়ম এবং ক্রীড়াক্ষেত্রকে মাদকমুক্ত করার ভালো একটা উপায়। তাই এটাকে আমি স্বাগত জানাই”, যোগ করেন ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দি গার্ডিয়ানকে নতুন এ প্রযুক্তি সম্পর্কে ওয়াডার প্রধান ক্রেইগ রিডি জানান, রক্ত আর মুত্রের নমুনা পরীক্ষার পাশাপাশি চুলও পরীক্ষা করে দেখা হবে অ্যথলেটরা নিষিদ্ধ ড্রাগ নিয়েছে কিনা।