২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০টির বেশি গ্র্যান্ড স্লাম জিতবেন সেরেনা'

বয়সটা ত্রিশের ঘরে হলেও ছুটে চলেছেন সেরেনা উইলিয়ামস। গত বছর সবচেয়ে বেশি বয়সে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পাশাপাশি জিতেছেন ১১টি শিরোপা। এবছরের শুরুটাও করেছেন শিরোপা জয় দিয়ে। আর তাই 'ফিটনেস' ধরে রাখতে পারলে উইলিয়ামস ২০টির বেশি গ্র্যান্ড স্লাম জিতবেন বলে বিশ্বাস সাবেক তারকা মার্তিনা নাভ্রাতিলোভার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 05:28 PM

২০১২ সালে ৩০ বছর বয়সে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা জিতেছিলেন দু'টি গ্র্যান্ড স্লামসহ অলিম্পিকে একক ও দ্বৈতের সোনা। পরের বছরও সাফল্য ধরে রাখেন তিনি; সর্বমোট ৮২ ম্যাচ খেলে জেতেন ৭৮ ম্যাচ।

১৭টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনার বয়স এখন ৩২ বছর, কিন্তু তার ভবিষ্যত সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী চেক প্রজাতন্ত্রের সাবেক তারকা নাভ্রাতিলোভা। ক্যারিয়ারে ১৮টি একক গ্র্যান্ড স্লাম এবং ৪১ টি মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতের শিরোপা জয়ী নাভ্রাতিলোভা বলেন, “যদি সে (সেরেনা) সুস্থ থাকতে পারে, তাহলে নি:সন্দেহে সে ২০টির বেশি শিরোপা জিতবে, সীমানাটা আসলে অসীম।”

“৩০ বছর পার হওয়ার পর এটা (ফর্ম ধরে রাখা) যে কতটা কঠিন তা আমি জানি। তবে একবার সেটা (জয়টা) অভ্যাসে পরিণত হলে আপনি তা ছাড়তে চাইবেন না।”

সব মিলিয়ে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তবে 'উন্মুক্ত' যুগে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জার্মানির স্টেফি গ্রাফ।

পুরনো খবর:

ব্রিসবেনে সেরেনা চ্যাম্পিয়ন