মোহামেডান, মুক্তিযোদ্ধার লড়াই অমীমাংসিত
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম ‘বড়’ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ১-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর সঙ্গে ড্র করেছে।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধে মোহামেডান এবং দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার প্রাধান্য ছিল। তবে তুলনামূলকভাবে বেশি সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধা।মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের রানার্স-আপ মুক্তিযোদ্ধা গোলও করেছে আগে। ৮৫ মিনিটে মিডফিল্ডার মারুফ আহমেদের লম্বা ক্রস ধরে বক্সে ঢুকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরীয় স্ট্রাইকার এনকোচা কিংসলে (১-০)।যদিও এই গোল নিয়ে কিছুটা বিতর্ক আছে। এনকোচা বল নিয়ে বক্সে ঢোকার আগে মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেককে ধাক্কা দিয়ে ফেলে দিলেও রেফারি ফাউলের নির্দেশ দেননি।এক গোলে এগিয়ে মুক্তিযোদ্ধা যখন জয়ের স্বপ্নে বিভোর ঠিক তখনই সমতা নিয়ে আসে পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তার অধীনে প্রথম খেলতে নামা মোহামেডান।ইনজুরি সময়ে মোহামেডানের ফরোয়ার্ড জাহিদ হোসেনকে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন বক্সের মধ্যে ফেলে দিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।দ্বিতীয়ার্ধে দারুণ উজ্জীবিত মুক্তিযোদ্ধা ৬২ মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু নাইজেরীয় ফরোয়ার্ড এলিটা কিংসলের চমৎকার ক্রসে এনকোচা মাথা ছোঁয়ানোর ঠিক আগে মোহামেডানকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার মিন্টু শেখ।৭৭ মিনিটে আবার ঐতিহ্যবাহী দলটির পরিত্রাতা মিন্টু। এনকোচার দারুণ একটি ক্রস গোলরক্ষকের সামনে দাঁড়ানো এলিটা নিয়ন্ত্রণে নেয়ার আগে বল বাইরে পাঠিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন তিনি।৮১ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধা। এলিটার ক্রস থেকে এনকোচার শট সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়।প্রথমার্ধে মোহামেডানও কয়েকটি সুযোগ নষ্ট করেছে। ৩৩ মিনিটে জাহিদের চমৎকার ক্রস মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন।পাঁচ মিনিট পর জাহিদের দারুণ এক ফ্রি-কিক মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের মাথায় লেগে চলে আসে বক্সের ভেতরে থাকা এমিলির কাছে। কিন্তু তার ভলি চলে যায় বাইরে।বিরতির ঠিক আগে আরেকটি সুযোগ নষ্ট করে মোহামেডান। নাইজেরীয় মিডফিল্ডার সিসান ইদুর পাস ধরে সিদ্দিক বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটালেও বল নিয়ন্ত্রণে রাখতে না পেরে মাটিতে পড়ে যান।
