২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির জন্য ম্যান ইউর অপেক্ষা

বছরের প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনও ওয়েইন রুনিকে পাওয়ার ব্যাপারে সংশয়ে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 12:52 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

গত শনিবার নরউইচ সিটির বিপক্ষে কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি রুনি। টটেনহ্যামের মুখোমুখি হওয়ার আগের দিনও তারকা স্ট্রাইকারকে নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি ম্যান ইউ।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ম্যান ইউর কোচ ডেভিড ময়েস বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। সে (রুনি) আজকে অনুশীলন করেনি। আগামীকাল তাকে পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।”রুনিকে নিয়ে তা-ও সংশয় আছে। তবে রবিন ফন পার্সিকে নিয়ে কোনো সংশয় নেই। উরুর চোট থেকে সেরে উঠতে না পারায় বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে নামতে পারবেন না এই ডাচ স্ট্রাইকার।ফন পার্সি প্রসঙ্গে ময়েস বলেন, “ফন পার্সি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। আশা করি পুরো সেরে উঠতে তার বেশি সময় লাগবে না।”দুই দলের জন্যই বুধবারের ম্যাচটা গুরুত্বপূর্ণ। ১৯ ম্যাচ থেকে ম্যান ইউ ও টটেনহ্যামের সংগ্রহ ৩৪ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ম্যান ইউর অবস্থান ষষ্ঠ।বুধবার মাঠে নামতে হবে ইপিএলের বাকি ১৮ দলকেও। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল স্বাগত জানাবে কার্ডিফ সিটিকে। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি খেলবে সোয়ানসি সিটির মাঠে।তৃতীয় চেলসিকে (৪০ পয়েন্ট) আতিথ্য দেবে সাউথহ্যাম্পটন। চতুর্থ এভারটন (৩৭) খেলতে যাবে স্টোক সিটির মাঠে। আর পঞ্চম লিভারপুল (৩৬) ঘরের মাঠে খেলবে হাল সিটির বিপক্ষে।