মোহামেডানের কোচ ফিগোর ‘বন্ধু’
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা। তার দাবি, তিনি পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুই ফিগোর বন্ধু।
দুই দিনের ভ্রমণ ক্লান্তি নিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় পা রাখার পর বিকেলে মতিঝিলে ক্লাবে এসে দলের দায়িত্ব বুঝে নেন বাতিস্তা। ছয় মাসের জন্য দলের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। এই সময়ের মধ্যে ভালো কিছু করলে মেয়াদ বাড়ানো হতে পারে।
মোহামেডানের দায়িত্ব পেয়ে ৪৪ বছর বয়সী কোচ বলেন, “আমি জেনেছি মোহামেডান একটি ঐতিহ্যবাহী ক্লাব। তাই আলাদা অভিজ্ঞতা এবং আলাদা চ্যালেঞ্জ নিতেই দলটির দায়িত্ব নিয়েছি। আশা করি বর্তমান দল নিয়ে ভালো কিছু করা সম্ভব।”
“নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলানো আমার কোচিং দর্শন। ৪-৩-৩ পদ্ধতিতে খেলাতে বেশি পছন্দ করি। আমার ধারণা এই পদ্ধতিতে খেলালে ভালো ফল পাওয়া সম্ভব।”
লাতিন ফুটবলেরও ভক্ত বাতিস্তা। তিনি বলেন, “ব্রাজিল ও স্পেনের খেলা আমার বেশি পছন্দ। লাতিন ঘরানার ফুটবল আমার ভালো লাগে।”
মোহামেডানের নব নিযুক্ত কোচের দাবি, তিনি লুই ফিগোর বন্ধু। তিনি বলেন, “লুই ফিগোর সঙ্গে আমার দীর্ঘ দিনের বন্ধুত্ব। চাইলে এখন ফোনে কথা বলতে পারি। চাইলে ঢাকায় এনে দিতে পারবো। তবে কাজটা খুব একটা সহজ হবে না।”
১৯৮৫ সালে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ ও ১৯৮৭ সালে অনূর্ধ্ব-১৮ দলের দলের হয়ে খেলেছেন বলে জানান তিনি। তবে ক্লাব ফুটবলে বেশিরভাগ সময় খেলেছেন পর্তুগাল দ্বিতীয় বিভাগ লিগে।
উয়েফার লেভেল-২ সার্টিফিকেট পাওয়া বাতিস্তা ২০০১ সালে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন। সর্বশেষ তিনি প্যারাগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের কোচ ছিলেন।
বাতিস্তা মোহামেডানের অষ্টম বিদেশি কোচ। এর আগে ইরানের নাসের হেজাজি, দক্ষিণ কোরিয়ার ম্যান ইয়াং ক্যাং, ইরাকের সামির শাকির, শ্রীলঙ্কার পাকির আলী, রাশিয়ার ইভানোভিচ, নাইজেরিয়ার আদু কাদেরি ও এমেকা ইউজিগোকে দেশের বাইরে থেকে কোচ করে এনেছিল ঐতিহ্যবাহী দলটি।
মোহামেডানের গত মৌসুমের কোচ সাইফুল বারী টিটু জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার ক্লাবে এসে নতুন কোচকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “নতুন কোচের সাফল্য কামনা করি। তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তিনি মোহামেডানকে সাফল্য এনে দিতে পারবেন।”
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “২০০২ সালের পর মোহামেডান লিগের শিরোপা জিততে পারেনি। এখনো পেশাদার লিগের শিরোপাও জিততে পারেনি। আশা করি এই কোচের মাধ্যমে মোহামেডান সাফল্য পাবে।”
