সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হতে চায় ফাহাদ
সংযুক্ত আরব আমিরাতে তরুণদের বিশ্ব দাবার রৌপ্য পদক জিতে খুশি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। তার লক্ষ্য এখন সবচেয়ে কম বয়সে গ্র্যান্ড মাস্টার হওয়া।
বিশ্ব দাবায় ফাহাদের রৌপ্য
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১০ বছরের বিভাগে প্রায় দুইশ’ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয় ফাহাদ। একই বয়স বিভাগে দ্রুতগতির দাবায় (ব্লিটজ) রৌপ্য পায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।রোববার রাতে দেশে ফিরে পরদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিক্রিয়া জানায় ফাহাদ।
“খুবই ভালো লাগছে রৌপ্য পদক জিতে। আমি চেষ্টা করেছি নিজের মতো করে। অবশ্য স্বর্ণ জিততে পারলে আরও বেশি খুশি হতাম।”
আরব আমিরাতে ফাহাদের সঙ্গে গিয়েছিলেন তার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীরা ফাহাদকে সব সময় সমর্থন জুগিয়েছে। প্রতিযোগিতার ‘ফ্রি ডে’তে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেই সময় কাটিয়েছে ফাহাদ।
ফাহাদের লক্ষ্য এখন বাংলাদেশের সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া। এজন্য প্রয়োজনীয় রেটিং পয়েন্ট পেতে বেশি বেশি টুর্নামেন্টে খেলার সুযোগ চায় সে।
শুরুতে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে যেতে পেরেছে কেবল ফাহাদ। অথচ প্রতিবেশী দেশ ভারত থেকে অংশ নিয়েছে ৮০ জনের বেশি দাবাড়ু।
