২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের সহজ আর চেলসির কষ্টের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্সেনাল সহজে জিতলেও চেলসিকে ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। আর ঘরের মাঠে চেলসি ১-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 12:39 AM

Updated : 13 Oct 2022, 03:09 PM

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। আর ঘরের মাঠে চেলসি ১-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে।

১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল আর্সেনাল। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৩৭।

বোলিন গ্রাউন্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে স্ট্রাইকার কার্লটন কোলের গোলে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যাম। তবে ১১ মিনিটের এক ‘ঝড়’ উড়িয়ে নিয়ে গেছে স্বাগতিক দলকে।

ম্যাচের ৬৮ মিনিটে থিও ওয়ালকটের গোল সমতা নিয়ে আসার তিন মিনিট পর এই ফরোয়ার্ডের গোলেই এগিয়ে যায় আর্সেনাল। ৭৯ মিনিটে ‘গানার্স’ নামে পরিচিত দলটির জয় নিশ্চিত করেন জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির একমাত্র গোলটি বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের, ম্যাচের ২৯ মিনিটের সময়।

দিনের প্রথম ম্যাচে হাল সিটির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।

বড়দিনের পরদিন 'বক্সিং ডে'তে খেলা ছিল ইপিএলের সবগুলো দলেরই। নিউক্যাসল ইউনাইটেড ৫-১ গোলে স্টোক সিটিকে, সাউথহ্যাম্পটন ৩-০ গোলে কার্ডিফ সিটিকে, ফুলহ্যাম ২-১ গোলে নরউইচ সিটিকে, ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে ও সান্ডারল্যান্ড একই ব্যবধানে এভারটনকে হারিয়েছে। টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।