ফুটবল লিগে স্পন্সর নেই
স্পন্সর ছাড়াই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে দেশের ফুটবলের সর্বোচ্চ আসর।
মাঝখানে বাকি থাকা দুই দিনে কোনো স্পন্সর পাচ্ছে না বাফুফে তা একরকম নিশ্চিত। তাই বাধ্য হয়ে স্পন্সর ছাড়াই লিগ শুরু করতে হচ্ছে তাদের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ হতাশ কন্ঠে বলেন, “লিগ শুরুর আগে কোনো স্পন্সর পাচ্ছি না তা একরকম নিশ্চিতই বলা যায়। যে দু-একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি তারা এতোই কম টাকার বলছে যাতে আমরা বাধ্য হচ্ছি স্পন্সর ছাড়াই লিগ শুরু করতে।”
“ওয়ালটন ও স্কয়ারকে আমরা লিগের স্পন্সর হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। স্কয়ার কিছুই না জানালেও ওয়ালটন মাত্র ৩৫ লাখ টাকায় স্পন্সর হতে চাইছে। ওয়ালটনের এই প্রস্তাব আমরা না করে দিয়েছি।”
লিগের বর্তমান অবস্থান অনুযায়ী কমপক্ষে কোটি টাকা স্পন্সর হওয়া উচিৎ বলে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেন, “একে তো এটি হচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ আসর। তাছাড়া লিগের অবস্থানটা যথেষ্টই ভালো পর্যায়ে রয়েছে। তাই আমরা মনে করি প্রিমিয়ার লিগের স্পন্সর হওয়া উচিৎ কোটি টাকার ওপরে।”
বাফুফে সভাপতির পদে কাজী সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর থেকে গত চার বছরে ফেডারেশনটিতে কোনো স্পন্সর সঙ্কট ছিল না। প্রথম দুই বছর সিটিসেল ১৬ কোটি টাকায় স্পন্সর হয়েছিল। সমপরিমাণ টাকায় শেষ দুই বছর ছিল গ্রামীণফোন। দুটি প্রতিষ্ঠানই ছিল বাফুফের অফিশিয়াল পার্টনার।
গত জুনে গ্রামীণফোন সরে যাওয়ার পর থেকেই বাফুফেতে স্পন্সর সঙ্কট চরম আকার ধারণ করে। গ্রামীণফোনও নতুন করে চুক্তি নবায়ন করেনি। তাই মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে ওয়ালটন নাম মাত্র মূল্যে স্পন্সর হয়।
স্পন্সর না পেলে লিগ কীভাবে শুরু করবেন? এই প্রশ্নের জবাবে আবু নাঈম সোহাগ বলেন, “আপাতত বিলবোর্ড বিক্রির টাকায় (সহ-স্পন্সর) লিগ শুরু করবো আমরা। এর পাশাপাশি আমরা চেষ্টা করে যাব মূল স্পন্সরের জন্য। আশা করছি লিগের মাঝামাঝিতে হলেও আমরা স্পন্সর পেয়ে যাব।”
