২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে জুভেন্টাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লেও ইতালিয়ান সেরি-আয় জিতেই চলেছে জুভেন্টাস। আতালান্তার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইতালির গত দুইবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 12:42 AM

Updated : 25 Apr 2022, 07:42 PM

রোববার বড় ব্যবধানে জিতেছে রোমাও। ঘরের মাঠে কাতানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

টানা নবম জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আরো সুসংহত জুভেন্টাস। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা।

আতালান্তা সফরে ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেসের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তবে ১৫ মিনিটে তেভেজের স্বদেশী মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো মোরালেসের গোল সমতা নিয়ে আসে ম্যাচে। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর অবশ্য একতরফা খেলেই জয় নিশ্চিত করে সেরি-আর সফলতম দল। গোল করেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা, স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে ও চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।

সেরি-আর অন্যান্য ম্যাচে হেলাস ভেরোনা ৪-১ গোলে লাৎসিওকে, তুরিনো একই ব্যবধানে শিয়েভোকে, বোলোনিয়া ১-০ গোলে জেনোয়াকে ও ফিওরেন্তিনা একই ব্যবধানে সাসসুয়োলোকে হারিয়েছে। সাম্পদোরিয়া ১-১ গোলে ড্র করে পারমার সঙ্গে।