‘চ্যালেঞ্জ’ নিয়ে আবাহনীতে আলী আকবর
তৃতীয়বারের মতো আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব নেয়াকে নিজের জন্য ‘চ্যালেঞ্জ’ বলে মনে করছেন ইরানের আলী আকবর পোরমুসলিমি।
২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে দুবার আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তিনি। আরো একবার এই দায়িত্ব নিয়ে রোববার ঢাকায় এসে আলী আকবর বলেন, “শুনেছি এবারের লিগে বেশ কয়েকটি শক্তিশালী দল আছে। লিগ শুরু হবে আর পাঁচ দিন পর। আবাহনীর এবারের দল সম্পর্কে এখনও কিছুই জানি না। তাই কাজটা আমার জন্য খুব একটা সহজ হবে না।”
“শিরোপা পুনরুদ্ধার করা বেশ কঠিনই হবে। এবারের আবাহনীর দায়িত্বটা আমার জন্য বেশ চ্যালেঞ্জের। অবশ্য যে কোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।”
দল সম্পর্কে তিনি বলেন, “আমার মনে হয় এই দলের সঙ্গে দুই বছর আগের দলের অনেক পার্থক্য। সেই দলের অনেকেই এখন নেই। নতুন অনেকে এসেছে। যাদের সম্পর্কে আমার ধারণা নেই।”
এবারের ফুটবল লিগ তিন লেগে হওয়ায় কিছুটা সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন আলী আকবর। তিনি বলেন, “লিগ তিন লেগের হওয়ায় ভুল করলে ফিরে আসার সুযোগ থাকবে। তাই পরিকল্পনাও ঠিকমতো বাস্তবায়ন করা যাবে।”
আবাহনীকে কীভাবে খেলাতে চান এমন প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, “আবাহনীকে এমনভাবে খেলাতে চাই যাতে তা জাতীয় দলের জন্য সহায়ক ভূমিকা পালন করে। সেই সঙ্গে দলও সাফল্য পায়।”
রোববার সকালে ঢাকায় এসে বিকেলেই দলের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। এক মৌসুমের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে। লিগ ও বাকি টুর্নামেন্টগুলোতে আবাহনীর কোচের দায়িত্বে থাকবেন আলী আকবর।
