২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালন ডি অরে পোশাক নিয়ে সতর্ক ব্রাজিল-সুন্দরী

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরে জনপ্রিয় হওয়ার পাশাপাশি নিন্দিতও হয়েছিলেন ফার্নান্দা লিমা। সুইজারল্যান্ডের জুরিখে বর্ষসেরা ফুটবলারের অনুষ্ঠানেও উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পাওয়া ব্রাজিলের উপস্থাপিকা ও মডেল এবার তাই অনুষ্ঠানের পোশাক নিয়ে সতর্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:44 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

ব্রাজিলে ৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ৩৬ বছর বয়সী লিমার পোশাক নিয়ে মুলত আপত্তি তোলে ইরানের দর্শকেরা। লিমার আবেদনময়ী পোশাকের কারণে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ঠিকমতো উপভোগ করতে পারেনি তারা। কারণ টিভির পর্দায় লিমার ছবি আসা মাত্রই সম্প্রচার নীতিমালা মেনে ইরানের কর্তৃপক্ষ তা কেটে দিত।

পরে টুইটার ও ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে লিমার পোশাক নিয়ে আপত্তি তোলে ইরানের অনেক ফুটবল ভক্ত।

Image
ফিফা মহাসচিব জেরোম ভালকে ও উপস্থাপিকা লিমা।

ফিফা মহাসচিব জেরোম ভালকে ও উপস্থাপিকা লিমা।

Image
ব্রাজিলের প্রেসিডেন্ট দিউমা রুসেফ, সেপ ব্ল্যাটার ও ফার্নান্দো লিমা।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিউমা রুসেফ, সেপ ব্ল্যাটার ও ফার্নান্দো লিমা।

ইরানের দর্শকদের ঐ আপত্তি বিবেচনায় রেখে তাই এবার পোশাক নির্বাচনে সতর্ক থাকার কথা বললেন লিমা।

“যা হয়েছে তার জন্যে আমি দু:খিত। কোনো দেশ, তার সংস্কৃতি ও মানুষের মনে আঘাত করা বা কোনোরকম বিতর্ক তৈরির ইচ্ছে কখনই আমার ছিল না।”

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর বিশ্বজুড়ে রাতারাতি লিমার অনেক ভক্ত তৈরি হয়। তারা হয়তো আরেকবার আবেদনময়ী  পোশাকে এই মডেলকে দেখতে পারছেন না।

“আগের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি। তাই ব্যালন ডি অ’র অনুষ্ঠান যেন সবাই দেখতে পারে সেজন্যে এবার পোশাক নির্বাচনে আমি সতর্ক থাকবো।”