২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তার জোড়া গোলে আতলেতিকোর জয়

লা লিগায় গোল পেয়েই যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা। এই স্ট্রাইকারের জোড়া গোলে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাদ্রিদের এই ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 01:12 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

শনিবার রাতের নিজেদের মাঠে এই জয়ে ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া আতলেতিকো বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল। অবশ্য রোববার রাতে গেতাফের মাঠে জিতে আবার শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ আছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে আট পয়েন্টের ব্যবধানে।

আন্দ্রেয়াস ইভানশিৎসের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লেভান্তে। ম্যাচের ৩০ মিনিটে গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান দিয়েগো গদিন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলে জন্ম নেয়া কস্তার গোলে এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। খানিক বাদে পেদ্রো রিওসের গোলে এবার সমতায় ফেরে লেভান্তে।

ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন কস্তা।

এ নিয়ে লিগে ১৯টি গোল করলেন ব্রাজিলের বদলে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া কস্তা।  ১৭টি গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো গোলদাতাদের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।

আগের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারায় সেভিয়া।