২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার খেলা দেখবেন না তেভেস

সারা দুনিয়ার কোটি কোটি সমর্থক যখন বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে উদগ্রীব, সেখানে কি-না টিভিতে নিজের দেশের খেলা দেখার প্রতি কোনো আগ্রহ নেই কার্লোস তেভেসের। দারুণ ফর্মে থেকেও দলে ডাক না পেয়ে এ 'অভিমান' জুভেন্টাসের এই স্ট্রাইকারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 03:13 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

সেরি আতে দারুণ ফর্মে আছেন জুভেন্টাসের হয়ে লিগে ১০ গোল করা তেভেস। অথচ জাতীয় দলে ডাক পাওয়ার কোনো ইঙ্গিত নেই। ২০১১ সালের আগস্টে আলেহান্দ্রো সাবেলা কোচ হওয়ার পর তেভেসকে একরকম উপেক্ষাই করে গেছেন।

আর্জেন্টিনার লা লেড রেডিও স্টেশনকে তেভেস বলেন, "যদি সাবেলা আমাকে না ডাকে, আমিও ফোন করে তাকে শুধাবো না, কেন আমাকে তিনি নেননি। তাকে শান্তিতেই থাকতে দিব। কারণ আমাকে না ডাকাটা সাবেলার জন্য মোটেও সহজ হচ্ছে না। আমি জানি, তার উপর (আমাকে নেয়ার জন্য) অনেক চাপ আছে বিশেষ করে ভক্তদের কাছ থেকে।"

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার জানান, আজেন্টিনা দলের সদস্যদের এবং অধিনায়ক মেসির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই বলে বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে ঘুম নষ্ট করতে চান না তেভেস।

"আমি মনে হয় টিভিতে খেলা দেখবো না কারণ জাতীয় দলের খেলা দেখাটা আমাকে কষ্ট দেবে। এটা আমার জন্য ভালো হবে না।"

কিছু ক্রীড়া বিশ্লেষকরা অবশ্য বলছেন, ২০১১ সালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে সর্বশেষ খেলা তেভেস কোচের কৌশলগত পরিকল্পনার সঙ্গে খাপ খান না। অনেকে আবার বলছেন, তেভেস দলের ঐকতানকে বাধাগ্রস্ত করবে।

২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন তেভেস।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'এফ' গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে খেলবে। ব্রাজিলে আগামী বছরের বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১২ জুন।