বাড়তে পারে আগুয়েরোর অপেক্ষা
এক মাস নয়, আট সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোকে। ইংল্যান্ডের ক্লাবটির জন্য দু:সংবাদটি দিয়েছেন কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
গত কয়েক সপ্তাহ ধরে দারুণ ফর্মে ছিলেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। এ মৌসুমে ম্যান সিটির পক্ষে সর্বোচ্চ ১৯টি গোল করেছেন আগুয়েরো। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সুয়ারেসের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ গোল করেছেন তিনি।
আর্সেনালের বিপক্ষে গোলের পর আগুয়েরোর উচ্ছ্বাস।
প্রথমে ম্যান সিটি জানিয়েছিল, আগুয়েরো এক মাস খেলতে পারবেন না। তবে মঙ্গলবার রাতে দলটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি জানান, এই স্ট্রাইকারের মাঠে ফিরতে দুই মাসের মতো সময় লাগতে পারে।
ক্যাপিটাল ওয়ান কাপে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষে পেল্লেগ্রিনি বলেন, “চিকিৎসক জানিয়েছেন, আগুয়েরোকে কমপক্ষে এক মাস থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।”
মঙ্গলবার রাতে দ্বিতীয় সারির দল লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
