২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিশ্বকাপের ট্রফি

বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবলের ট্রফি মঙ্গলবার ঢাকায় এসেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 10:20 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে একটি চার্টার্ড বিমানে দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছে ট্রফিটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও কোকাকোলার কর্মকর্তারা।

বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ট্রফিটি এনেছে।

বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, বিমানবন্দর থেকে ট্রফিটি বেলা তিনটার দিকে বঙ্গবভনে নেয়া হয়। বঙ্গভবনে পৌঁছালে ট্রফিটি নিজের হাতে তুলে নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় বাফুফে সভাপতিও উপস্থিত ছিলেন।

সেখান থেকে গণভবনে নিয়ে যাওয়া হয় ট্রফিটি। গণভবনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই ট্রফি ছিল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে ট্রফিটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।

গণভবন থেকে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় হোটেল র‌্যাডিসনে। আয়োজকরা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার সেখানেই দর্শকদের সামনে প্রদর্শন করা হবে ট্রফিটি।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে এটি। ২৬৭ দিনে ৮৯টি দেশ পরিভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি, যেটির আনুষ্ঠানিক ভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে।