মুখোমুখি বার্সা-ম্যান সিটি, আর্সেনাল-বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের আরেক দল আর্সেনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখের।
সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই ড্র অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে উঠেই কঠিন প্রতিপক্ষ পেল ম্যান সিটি।
গতবারের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্সেনাল। প্রথম লেগে ২-০ গোলে জিতলেও নিজেদের মাটিতে ৩-১ গোলে হেরে গিয়েছিল আর্সেন ভেঙ্গারের দল।
জমবে ইতালির এসি মিলান ও স্পেনের আতলেতিকো মাদ্রিদ, ফ্রান্সের পিএসজি ও জার্মানির বায়ার লেভারকুজেনের মধ্যে দুই লেগের লড়াইও।
সহজ প্রতিপক্ষ পেয়েছে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল খেলবে জার্মানির শালকা ও ম্যান ইউ খেলবে গ্রিক দল অলিম্পিয়াকোসের বিপক্ষে।
আগের চার দেখায় অলিম্পিয়াকোসকে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
এছাড়া ইংল্যান্ডের চেলসি তুরস্কের গালাতাসারাইয়ের এবং গতবারের রানার্স-আপ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড রাশিয়ার জেনিতের মুখোমুখি হবে।
আট বছর চেলসিতে খেলে ২০১২ সালে গালাতাসারাইয়ে যোগ দিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। এবার সাবেক দলের মুখোমুখি হতে হচ্ছে আইভরি কোস্টের এই স্ট্রাইকারকে।
শেষ ষোলোতে ১৮ থেকে ২৬ ফেব্রুয়ারি প্রথম লেগ ও ১১ থেকে ১৯ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে।
দুই লেগের কোয়ার্টার-ফাইনাল হবে ১ ও ২ এপ্রিল এবং ৮ ও ৯ এপ্রিল। সেমি-ফাইনালও হবে দুই লেগের, ২২ ও ২৩ এপ্রিল এবং ২৯ ও ৩০ এপ্রিল।
পর্তুগালের রাজধানী লিসবনে স্টেডিয়াম অব লাইটে ফাইনাল হবে আগামী ২৪ মে।
