ব্যালন ডি'অরের জন্য জায়গা রাখা রোনালদোর জাদুঘরে
ফিফা ব্যালন ডি’অর পুরস্কার রাখার জন্য নিজের জাদুঘরে জায়গা রেখেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার জন্মস্থান ফুশাল শহরে জাদুঘরটি উদ্বোধনের সময় এ কথা জানান পর্তুগিজ এই ফরোয়ার্ড।
কিছু দিন আগে রোনালদো বলেছিলেন, বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জেতাটা মোটেও তার একমাত্র ধ্যানজ্ঞান নয়। সিআর-সেভেন জাদুঘর উদ্বোধনের সময়ও ব্যতিক্রমী কিছু বলেননি, তবে সেটা জিততে পারলে বিশেষ এক প্রাপ্তি হবে বলেই জানিয়েছেন এ মৌসুমে এখন পর্যন্ত ৩৩ গোল করা রোনালদো।
জাদুঘরে রাখা আছে রোনালদোর পাওয়া পুরস্কারগুলো।
জাদুঘরে নিজের প্রতিককৃতির পাশে রোনালদো।
রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, ‘সিআর-সেভেন’ জাদুঘরটি তার ভক্তদের জন্য উপহার।
রোনালদোর এই জাদুঘরে রাখা আছে ২০০৮ সালের ব্যালন ডি'অরসহ ১২৫টির বেশি ব্যক্তিগত ও দলীয় পুরস্কার। সংগ্রহের সংখ্যা আরো বাড়বে বলেই আশা তার।
এ জাদুঘর ভক্তদের জন্য উপহার দিয়েছেন রোনালদো
ভক্তদের জন্য উপহার সিআর-সেভেন জাদুঘর।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রোনালদো। এ বছরের বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন রিয়ালের হয়ে এ বছর ঘরোয়া প্রতিযোগিতা ও চ্যাম্পিয়ন্স লিগে ৫১টি গোল করা রোনালদো। অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার লিওনেল মেসি এবং বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো ফ্রান্সের ফ্র্যাঙ্ক রিবেরি।
