‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা রোনালদো
বিখ্যাত ফুটবল ম্যাগাজিন ‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। প্রথমবার পেয়েছিলেন ২০০৮ সালে। সেবার ফিফা বর্ষসেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।
এ বছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সঙ্গী লিওনেল মেসি ও ফ্র্যাঙ্ক রিবেরি। ‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা হওয়ার পথে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের তারকাকেই হারিয়েছেন রোনালদো।
বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গড়া একটি প্যানেলের ১,০৭৫টি ভোট পেয়েছেন রোনালদো। মেসি ও রিবেরির ভোট যথাক্রমে ৯২৬ ও ৮৭০।
‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্ন মিউনিখকে ‘ট্রেবল’ এনে দেয়া ইয়ুপ হেইঙ্কেস। সেরা দল অনুমিতভাবেই বায়ার্ন মিউনিখ।
