লন্ডন চেস ক্লাসিকে জিয়ার টানা তৃতীয় ড্র
লন্ডন চেস ক্লাসিকের ফিদে ওপেনের অষ্টম রাউন্ডেও ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এ নিয়ে টানা তিনটি ম্যাচে ড্র করলেন তিনি।
আট ম্যাচে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ১৬তম অবস্থানে আছেন জিয়া।
শনিবার কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে জিয়া কালো নিয়ে ইংল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার জন জে কক্সের সঙ্গে ড্র করেন।
প্রতিযোগিতার প্রথম, তৃতীয় ও পঞ্চম রাউন্ডে সাদা নিয়ে খেলে জয় পেলেও বাকি রাউন্ডগুলোতে ড্র করলেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়া।
নবম রাউন্ডে রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার অ্যালেক্সেই স্লাভিনের বিপক্ষে সাদা নিয়ে খেলবেন জিয়া।
