বায়ার্নের জয়রথ থামালো ম্যান সিটি
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম ১২ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই হারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড থেমেছে বর্তমান চ্যাম্পিয়দের।
তবে জয়ের পরেও ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানেই থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইংল্যান্ডের দল ম্যান সিটিকে। ছয় ম্যাচ শেষে দল দুটির পয়েন্ট সমান ১৫ হলেও মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা বায়ার্ন। প্রথম খেলায় সিটির মাঠে ৩-১ গোলে জিতেছিল জার্মানির দলটি।
আগেই দুই দল নক-আউট পর্ব নিশ্চিত করায় ম্যাচটি ছিল মর্যাদার। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় পঞ্চম মিনিটে স্ট্রাইকার টমাস মুলার ও ১২ মিনিটে মিডফিল্ডার মারিও গোৎসের গোলে এগিয়ে যায় বায়ার্ন।
বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন টমাস মুলার।
দ্বিতীয় গোলের পর গোৎসের উদযাপন।
দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ডি বক্সের মাঝে বল পান ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচ। কিন্তু তিনি গোলে ঠিকমত শট নিতে না পারায় বল পেয়ে যান গোৎসে। ব্যবধান বাড়াতে তিনি কোনো ভুল করেননি।
২৮ মিনিটে স্পেনের স্ট্রাইকার দাভিদ সিলভা ব্যবধান কমালে ২-১ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা। মিডফিল্ডার জেমস মিলনারের হেড থেকে গোলটি করেন করেন তিনি।
পেনাল্টি থেকে কোলারভের গোল।
তিন মিনিট বাদে মিলনারের গোলে এগিয়ে যায় অতিথিরা। স্পেনের মিডফিল্ডার হেসুস নাভাসের পাস থেকে কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আরেকটি গোল করলেই মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো। কিন্তু ম্যাচের শেষ দিকে আলভারো নেগ্রেদোর গোলের প্রচেষ্টা নসাৎ করে দেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার।
গ্রুপের অপর ম্যাচে রাশিয়ার সিএসকেএ মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে চেক প্রজাতন্তের ভিক্তোরিয়া প্লজেন।
দল দুটির পয়েন্ট সমান ৩ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগের টিকেট পেয়েছে প্লজেন। প্রথম লেগে মস্কোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।
