পয়েন্ট হারালো নাপোলি, মিলান
দু'টি গোল করে এসি মিলানের পরাজয় ঠেকিয়েছেন মারিও বালোতেল্লি। শনিবার ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আতে অন্য ম্যাচে তিন মিনিটে দুই গোল করেও নাপোলিকে জেতাতে পারেননি গোরান পানদেভ।
শনিবার পয়েন্ট হারানোর জন্য বড় বাজেটের দল নাপোলি নিজেদেরই দুষতে পারে। নিজেদের মাঠে উদিনেজের বিপক্ষে দুই গোলের অগ্রগামিতা ধরে রাখতে পারেনি রাফায়েল বেনিতেসের দল। উত্তেজনাকার ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলের সমতায়।
১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে নাপোলি। সমান ম্যাচ খেলা জুভেন্টাসের পয়েন্ট ৪০। শুক্রবার বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে ক্লাবটি।
গোলের পর গোরান পানদেভের উচ্ছ্বাস।
তবে বিরতির ঠিক আগে নাপোলির ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে উদিনেজে।
দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে উদিনেজে। কিন্তু পরের মিনিটেই বেলিম জেমাইলির গোলে আবার এগিয়ে যায় নাপোলি।
হাল ছাড়েনি উদিনেজে, ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে গোলমুখে জটলা থেকে গোল করে খেলায় সমতা আনেন দুশান বাস্তা।
লিভোরনোর মাঠে ২-১ গোলে পিছিয়ে থাকা মিলানকে ম্যাচের শেষ দিকে দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরান বালোতেল্লি। ম্যাচের সাত মিনিটে মিলানকে এগিয়েও দিয়েছিলেন এই মেজাজি স্ট্রাইকার। তবে লুকা সিলিগার্দি ও পাওলিনিয়োর গোলে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকারা।
১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে মিলান।
