ব্রেমেনের জালে বায়ার্নের গোল-উৎসব
জার্মান বুন্দেসলিগায় বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ভার্ডার ব্রেমেনের মাঠে ৭-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দুই গোল করেছেন ফরাসী ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি। একটি করে গোল বেলজিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল ফন বাইটেন, ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ, জার্মান স্ট্রাইকার টমাস মুলার ও মিডফিল্ডার মারিও গোৎসের। অন্য গোলটি আত্মঘাতী।
শনিবার বুন্দেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুজেন। ১৮ মিনিটে বিজয়ী দলের মহামূল্যবান গোলটি করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং-মিন।
৮০ মিনিটে লেভারকুজেনের বসনিয়ান ডিফেন্ডার এমির স্পাহিচ সরাসরি লাল কার্ড দেখার পর ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছে বরুসিয়ার গ্রিক ডিফেন্ডার সক্রেটিস পাপাস্তাথোপুলোসকেও।
বিশাল জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আরো সুসংহত বায়ার্ন। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লেভারকুজেন। ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা গতবারের রানার্স-আপ বরুসিয়া শিরোপা-দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২-১ গোলে শালকে জিরো ফোরকে, হফেনহাইম একই ব্যবধানে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে, অগসবুর্গ ১-০ গোলে হামবুর্গকে ও স্টুটগার্ট ৪-২ গোলে হ্যানোভারকে হারিয়েছে।
