২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মুক্তিযোদ্ধা ও বিজেএমসি

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র খেলবে বিজেএমসির বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

মৌসুম-সূচক এই টুর্নামেন্টে ছয়বার ফাইনালে খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা। বিজেএমসি দীর্ঘ ২৭ বছর পর ফুটবলে ফিরে ২০১১-১২ মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে তারা হেরে যায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে।

সেমিফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, “বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে ফাইনালে নিয়ে যেতে পারলে খুবই ভালো লাগবে। আমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফাইনালে খেলবে।”

“ব্রাদার্স ইউনিয়নকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর থেকে আমাদের দলের খেলোয়াড়রা দারুণ উজ্জীবিত। আশা করি এই ম্যাচেও তারা ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবে।”

বিজেএমসির কোচ আলী আসগর নাসির বলেন, “মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের তীব্র লড়াই হবে। আশা করি এই লড়াইয়ে আমরা জিতবো।”

“গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠেছি। ঐ ম্যাচে আমরা পিছিয়ে পড়েও জিতেছি। আশা করি সেমিফাইনালে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।”