২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, আইসিসি সভাপতি অ্যালান আইজাক, বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট, ১৯৯৫ রাগবি বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্রানসোয়া পিনারসহ ক্রীড়াজগতের বহু মানুষ শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার জোহানেসবার্গে নিজ বাড়িতে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ, ১৯৯৩ সালে শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলা। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

ম্যান্ডেলাকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করে ব্ল্যাটার বলেন, “বুক ভরা কষ্ট নিয়ে অসাধারণ এক মানুষকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি এবং আমি একটা দৃঢ় বিশ্বাস মনের মধ্যে লালন করতাম। তা হলো মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ শক্তি আছে ফুটবলের।”

তবে শুধু ফুটবল নয়, ম্যান্ডেলার বিশ্বাস ছিল সব ধরনের খেলাধূলার এই শক্তি আছে। একবার তিনি বলেছিলেন, “খেলাধূলার পৃথিবীকে পাল্টে দেয়ার ক্ষমতা আছে। মানুষকে অনুপ্রাণিত করার, ঐক্যবদ্ধ করার ক্ষমতাও আছে খেলাধূলার।”

দক্ষিণ আফ্রিকানদের প্রাণপ্রিয় ‘মাদিবা’র মৃত্যুতে শোক প্রকাশ করে অ্যালান আইজাক বলেন, “নেলসন ম্যান্ডেলা ছিলেন নেতা, কর্মী এবং প্রতিরোধের প্রতীক। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ক্রীড়াঙ্গনের মানুষকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করার শক্তি অনুধাবন করতে পেরেছিলেন।”

“ম্যান্ডেলা কখনো তার নীতি, আদর্শ, ন্যায়বিচারের প্রতি তার বিশ্বাস ও সমতার প্রশ্নে আপোস করেননি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা বহুধাবিভক্ত দক্ষিণ আফ্রিকানদের ঐক্যবদ্ধ করতে খেলাধূলাকে চিহ্নিত এবং ব্যবহার করতে পেরেছিলেন। রাষ্ট্র নায়ক হিসেবে তিনি ছিলেন অসাধারণ আর মানুষ হিসেবে অনুপ্রেরণাদায়ক।”

এই মহান ব্যক্তির মৃত্যুতে অলিম্পিকের ৬টি সোনাজয়ী বোল্টও শোকাহত। তিনি বলেন, “সর্বকালের অন্যতম সেরা মানব। বিশ্বের অসাধারণ যোদ্ধা। তার আত্মার শান্তি কামনা করছি।”

ম্যান্ডেলার সংগ্রামী জীবন দক্ষিণ আফ্রিকার রাগবি দলকেও দারুণ অনুপ্রাণিত করেছিল। ১৯৯৫ বিশ্বকাপের আসর বসেছিল তাদের দেশে।

বিশ্বকাপের কিছু দিন আগে এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচের কয়েক দিন পর রাগবি দলের অধিনায়ক পিনারকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান ম্যান্ডেলা। বিশ্ববরেণ্য মানুষটির সান্নিধ্যে অভিভূত, অনুপ্রাণিত পিনার তার সতীর্থদের জানান, ম্যান্ডেলার জন্য তাদের বিশ্বকাপ জিততেই হবে।

বাকিটা ইতিহাস। ফাইনালে মহাশক্তিধর এবং টুর্নামেন্টের ‘ফেভারিট’ নিউ জিল্যান্ডকে হারিয়ে দেশে খুশির জোয়ার বইয়ে দেয় দক্ষিণ আফ্রিকা দল। অধিনায়ক পিনারকে ধন্যবাদ জানিয়ে তার হাতে ট্রফি তুলে দেন তার আগের বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ম্যান্ডেলা।

ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে তাকেও ধন্যবাদ দিয়ে পিনার বলেন, “যা কিছু করেছ সেজন্য তোমাকে ধন্যবাদ।”

দক্ষিণ আফ্রিকার রাগবি ফেডারেশন টুইটারে লিখেছে, “নেলসন ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করছি। আমাদের দেশ আর খেলাধূলার পেছনে আপনার অবদানের কথা আমরা কখনো ভুলবো না। সেজন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো।”

ক্রিকেট সাউথ আফ্রিকাও (সিএসএ) ম্যান্ডেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বর্ণবাদী নীতির কারণে দীর্ঘ ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা।

১৯৯০ সালে দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পান ম্যান্ডেলা। তার পরের বছর দক্ষিণ আফ্রিকারও প্রত্যাবর্তন হয় আন্তর্জাতিক ক্রিকেটে।

সিএসএ টুইটারে লিখেছে, “শান্তিতে ঘুমান তাতা (পিতা) ম্যান্ডেলা। আপনার জন্যই আজ প্রোটিয়াস দল (দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল) সারা পৃথিবীতে তাদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারছে।”

দক্ষিণ আফ্রিকার গলফার আর্নি এলস ও তার অন্যতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের টাইগার উডসকে একবার চায়ের দাওয়াত দিয়েছিলেন ম্যান্ডেলা। সে স্মৃতি রোমন্থন করে বিশ্বের সাবেক এক নম্বর গলফার এলস বলেন, “তিনি আমাদের সঙ্গে এমন ব্যবহার করেছিলেন যেন আমরা তার দুই ছেলে। তার অবিশ্বাস্য সততা আমাদের মনে দাগ কেটে দিয়েছিল।”
ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্রিকেটার এবং আম্পায়াররা মাঠে নামেন কালো আর্মব্যন্ড পড়ে।

নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ডানেডিন টেস্টের তৃতীয় সেশনের আগেও এক মিনিট নীরবতা পালন করা হয়।