২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও শেখ জামালের ফাইনালে ওঠার লড়াই

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

মৌসুম-সূচক এই টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে শেখ জামাল। আগের চার ম্যাচে শেখ জামাল জিতেছে দুটি, আবাহনীর জয় একটি, অন্যটি ড্র।

ফেডারেশন কাপে শেখ জামালের সাফল্যের হারও ভালো। ধানমণ্ডি ক্লাব থেকে নতুন রূপে গড়া ওঠার পর এই টুর্নামেন্টে তিনবার অংশ নিয়ে তিন বারই ফাইনালে উঠেছে তারা। তবে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার।

ফেডারেশন কাপে আবাহনীও সফল। ১৪ বার ফাইনালে খেলে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটি।

এবারো ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী আবাহনীর ভারপ্রাপ্ত কোচ অমলেশ সেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শিরোপা জয়। সেজন্য প্রথমে ফাইনালে খেলতে হবে। জয় পাওয়ার মতো মানসিক ও কৌশলগত শক্তি আমাদের আছে। আগের ম্যাচে আমাদের খেলোয়াড়রা তা প্রমাণ করেছে।”

“গত তিনটি ম্যাচেই আমাদের খেলোয়াড়রা ছন্দে ছিল। কোনো গোল না খাওয়া আমাদের জন্য একটা ভালো দিক। কয়েকজনের চোট সমস্যা থাকলেও তারা এখন সেরে উঠেছে।”

আবাহনীর অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন, “গ্রুপ পর্বে মোহামেডানের বিপক্ষে যেমন খেলেছিলাম সেমিফাইনালেও তেমন খেলতে চাই। তা সম্ভব হলে জয় আমাদের ঘরে আসবেই।” শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি আবাহনীকে ভীষণ সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আবাহনী শক্তিশালী প্রতিপক্ষ। তবে তাদের হারানোর শক্তি ও সামর্থ্য আমাদের আছে। আমার বিশ্বাস, খেলোয়াড়রা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারলে আমরাই জয় পাবো।” “আমার ধারণা সেমিফাইনালে দারুণ লড়াই হবে। আবাহনীতে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় আছে। আমাদের দলেও জাতীয় দলের বেশ কয়েকজন আছে। তাদের পক্ষে ম্যাচের চিত্র পাল্টে দেয়া সম্ভব।” শেখ জামালের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, “এই ম্যাচে স্থানীয়রা ব্যবধান গড়ে দেবে। আর যারা আগে গোল করবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি।” শেখ জামালের জন্য সুখবর, মোহামেডানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চোট পাওয়া হাইতির স্ট্রাইকার সনি নর্দে এখন প্রায় সুস্থ। তাদের আর্জেন্টাইন ফিজিও এরিয়াল কোলম্যান জানান, “কয়েক দিনের বিশ্রামের ফলে নর্দে অনেকখানি ‍সুস্থ হয়ে উঠেছে। আমার বিশ্বাস, শুক্রবার তার খেলতে কোনো সমস্যা হবে না।” ফেডারেশন কাপে পাঁচটি করে গোল করে আবাহনীর ঘানার স্ট্রাইকার ওসই মরিসনের সঙ্গে যুগ্মভাবে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন নর্দে।