মোনাকোর সহজ জয়
চোটের কারণে দলে ছিলেন না তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। তারপরও ঘরোয়া লিগে জিততে কোনো সমস্যা হয়নি মোনাকোর। মঙ্গলবার ফ্রান্সের বড় বাজেটের দলটি ৩-০ গোলে হারিয়েছে ওজিসি নিসকে।
দুর্বল প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে এগিয়ে যায় মোনাকো, গোল করেন কলম্বিয়ার মিডফিল্ডার জেমস রদ্রিগেস। ১৮ মিনিট বাদে ব্যবধান বাড়ান স্ট্রাইকার এমানুয়েল রিভিয়েরে। আর ৮৯ মিনিটে সর্বশেষ গোলটি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুকাস আরিয়েল ওকামপোস।
লিগে মোনাকোর এটি টানা তৃতীয় এবং সবমিলিয়ে একাদশ জয়। ১৬ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে দলটি। সমান খেলায় ১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে লিল। মঙ্গলবার রাতে তারা একমাত্র গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে।
আর এক ম্যাচ কম খেলেই ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
